প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৪:২৮ পিএম
সুনামগঞ্জ পৌর শহরে অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পড়েছে, ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও মশার উপদ্রব।
শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে তেঘরিয়া অঞ্চলের আমপাড়া, লম্বা হাটি ও আশপাশে ড্রেনগুলো কার্যত অচল হয়ে আছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় পরিস্থিতির অবনতি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, ড্রেনের পচা পানি উপচে সড়কে উঠছে, ফলে পথচারী ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। একই সঙ্গে মশা-মাছির উপদ্রব বেড়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ সমস্যার কথা স্বীকার করে জানিয়েছে, বর্ষার আগে ধাপে ধাপে ড্রেন পরিষ্কারের কাজ চলমান রয়েছে। তবে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন শহরবাসী।
