প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৯:৫৬ পিএম
টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৬ এ আঞ্চলিক অঙ্গনে আবারও নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশিত এই র্যাংকিংসে এনএসইউ ৩৫১ থেকে ৪০০ ধাপে স্থান পেয়েছে।
এই অর্জনের মাধ্যমে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষ অবস্থানে রয়েছে এনএসইউ। একই ধাপে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিও।
র্যাংকিং অনুযায়ী, বাংলাদেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠান দুটি ৩০১ থেকে ৩৫০ ধাপে স্থান পেয়েছে।
টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৬ এ মোট ৩৬টি দেশ ও অঞ্চলের ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং আন্তর্জাতিক সংযোগ এই প্রধান সূচকগুলোর ভিত্তিতে ১৮টি মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়।
এ অর্জন নিয়ে সন্তোষ প্রকাশ করে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন। আমরা আমাদের একাডেমিক মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এনএসইউকে বৈশ্বিক পর্যায়ে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টাইমস হায়ার এডুকেশনের এই স্বীকৃতি এনএসইউর ধারাবাহিক অগ্রগতি এবং বাংলাদেশ ও এশিয়ায় একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠার প্রচেষ্টাকে তুলে ধরেছে।
