সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

রাণীশংকৈলে নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৩:৫৮ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দোশিয়া ভাটাপাড়া এলাকায় নতুন জামে মসজিদ নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ-রাণীশংকৈল আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ নির্মিত হলে স্থানীয় মুসল্লিরা আরও সুন্দরভাবে ইবাদত করতে পারবেন এবং সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ)। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ধর্মীয় চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদের সফল নির্মাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে মসজিদের নির্মাণকাজ সম্পন্ন হয়ে এটি এলাকাবাসীর ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

Link copied!