সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

কুমিল্লায় গণমাধ্যম দিবস পালিত, গুজব মোকাবিলায় সতর্কতা

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:১৯ পিএম

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকবৃন্দ।

বিশ্বব্যাপী পালিত "বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস" উপলক্ষে দেশের অন্যান্য স্থানের মতো কুমিল্লাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি প্রতি বছর গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরতে পালিত হয় ।

রোববার (৩ মে) সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ‘সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সম্মাননা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—“শান্তিময় ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সাংবাদিকতা”, যা বিশ্বব্যাপী নির্ধারিত থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর অপব্যবহার। প্রযুক্তির এই অপব্যবহারের মাধ্যমে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট এবং অনলাইন হয়রানি বেড়ে যাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফটোকার্ড তৈরি করে গুজব ছড়ানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, এ ধরনের অপপ্রচার রোধে সরকার ও সংশ্লিষ্টদের পাশাপাশি গণমাধ্যমকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, অবাধ মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। তবে বিভিন্ন আইন ও বিধিনিষেধের কারণে সাংবাদিকদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হচ্ছে, যা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী।

অনুষ্ঠানে কুমিল্লার আটজন সাংবাদিককে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সম্পাদক নীতিশ সাহা এবং সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম দুলালসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সম্পাদক, প্রতিবেদক এবং ফটোসাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Link copied!