রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৬:২৪ পিএম

রোববার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে। রোববার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জলঢাকা প্রেসক্লাব প্রাঙ্গণে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার নিয়ে সমবেত হন। সেখান থেকে একটি সম্মিলিত র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন অংশ নেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরেন।

এর আগে পৃথকভাবে আয়োজিত র‍্যালীগুলো স্থানীয় জিরোপয়েন্ট মোড়ে গিয়ে একত্রিত হয়ে বৃহৎ সমাবেশে পরিণত হয়। জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন। তিনি বলেন, সারা দেশে সাংবাদিকরা নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

এছাড়াও বক্তব্য দেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী, সহ-সম্পাদক মাইদুল হাসান এবং মফস্বল সাংবাদিক সোসাইটির উপজেলা সভাপতি আল আমিন ইসলাম। তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জলঢাকা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন এবং প্রেসক্লাব সদস্য শরিফুল ইসলাম প্রিন্সসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সমাবেশে জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Link copied!