প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৩৪ পিএম
চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের মুজাফফরাবাদ গ্রামে ১৯৭১ সালের ভয়াবহ হত্যাযজ্ঞের স্মরণে যথাযোগ্য মর্যাদায় ‘মুজাফফরাবাদ গণহত্যা দিবস’ পালিত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও ৩ মে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। দিবসটি উপলক্ষে স্থানীয়ভাবে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচির আয়োজন করা হয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় এই গ্রামের তিন শতাধিক নিরীহ নারী-পুরুষ শহীদ হন। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই প্রতিবছর এই দিবস পালন করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট সুজিত বিকাশ দত্ত, সুনিল বিশ্বাস ও তাপস কুমার দে।
মুজাফফরাবাদ গণহত্যা দিবস উদযাপন পরিষদের সদস্য সচিব দেবাশীষ দে অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ইতিহাসের এই নির্মম অধ্যায় ভবিষ্যৎ প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি। একই সঙ্গে তারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
