প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:১৭ এএম
খাগড়াছড়ির রামগড়ে ভুয়া পরিচয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। ডাক্তার না হয়েও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৩ মে) সন্ধ্যায় রামগড় পৌরসভার ৭নং ওয়ার্ডের কালাডেবা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শামীম। এ সময় শহিদুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিলেন। বিষয়টি আইনগতভাবে অপরাধ হওয়ায় বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন,“ডাক্তার না হয়েও ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা একটি শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮/৩ অনুযায়ী তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”
অভিযানকালে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
স্থানীয়রা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এতে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে।
