প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১০:০৩ পিএম
খুলনার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর অ্যাথলেটিকস (ছাত্র) দলের সদস্যরা আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতির অংশ হিসেবে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৩ মে ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাকে সামনে রেখে দলটি এই সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে উপাচার্য দলের সদস্যদের হাতে বিশ্ববিদ্যালয়ের জার্সি তুলে দেন এবং তাদের সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তিনি প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্সের জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
এ সময় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী, উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, মো. মাহমুদুল আলম, সহকারী পরিচালক শাহ মুহাম্মদ আজমত উল্লাহ্ এবং শারীরিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ রায়হানুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে দলের সঙ্গে টিম ম্যানেজার ও কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শারীরিক শিক্ষা প্রশিক্ষক মো. আজিজুর রহমান।
প্রতিযোগিতায় কুয়েটের প্রতিনিধিত্ব করবেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এর মধ্যে রয়েছেন নিখিল রঞ্জন রায় (সিভিল ইঞ্জিনিয়ারিং), সুয়াইব তালুকদার (আর্কিটেকচার), ইমদাদুল হক (সিএসই), এ.এইচ.এম. আহসান হাবিব (লেদার ইঞ্জিনিয়ারিং), আরিফুল ইসলাম শেখ (সিএসই) এবং ত্রীতম ঘোষ (আইইএম)।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, কুয়েটের এই দলটি আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।
