সোমবার ০৪, মে ২০২৬

সোমবার ০৪, মে ২০২৬ -- : -- --

বীরগঞ্জে স্বাস্থ্যখাত উন্নয়নে জোর: ‘স্বাস্থ্য নগরী’ গড়ার ঘোষণা এমপির

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:০৮ পিএম

বেসরকারি ক্লিনিক মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-কে আধুনিক স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

রবিবার (৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসরকারি ক্লিনিক মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় স্বাস্থ্যখাতের অনিয়ম ও সেবার মান নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। 

সংসদ সদস্য ক্লিনিক মালিকদের সতর্ক করে বলেন, সময় থাকতে সবাইকে সেবার মান উন্নয়নে সচেতন হতে হবে। প্রয়োজনে একাধিক ক্লিনিক একত্রিত করেও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। 

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ ছাড়া বীরগঞ্জকে একটি উন্নত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এ ক্ষেত্রে চিকিৎসার স্বচ্ছতা, সেবার মান এবং রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা আফরোজ লুনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বীরগঞ্জের স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

পরে একই স্থানে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিন অচল থাকা চিকিৎসা সরঞ্জাম সচল করা, রোগীদের জন্য উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করা এবং হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ২০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং তিনটি মাদ্রাসা ও ১৫ জন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

Link copied!