প্রকাশিত: ০৪ মে ২০২৬, ১২:০৩ এএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা দ্রুত তাদের ঘরবাড়ি মেরামত করতে পারে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ভবিষ্যতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আরও দ্রুত ও কার্যকর সহায়তা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হবে।
