প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৪৭ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে জোরপূর্বক বসতভিটা দখল, প্রাণনাশের হুমকি এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে।
অভিযোগকারী আবুল কাশেম, উপজেলার শ্রীপুর ইউনিয়নের বালুধুম গ্রামের বাসিন্দা। তিনি দাবি করেন, প্রতিপক্ষ আবুল হাশেমসহ কয়েকজন মিলে তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে।
অভিযোগে বলা হয়, গত ২৫ এপ্রিল রাতে আবুল কাশেম ও তার ছেলে কলাবাগান বাজারে গেলে প্রতিপক্ষ তাদের অনুসরণ করে। পরে পরিস্থিতি আঁচ করতে পেরে তারা থানায় বিষয়টি জানায়। এরপর উত্তেজিত হয়ে প্রতিপক্ষের ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের অবরুদ্ধ করে ফেলে বলে অভিযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়।
পরবর্তীতে এলাকায় নিরাপত্তাহীনতার কারণে আবুল কাশেমের ছেলে ঢাকা চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়। একইসঙ্গে থানার সোর্স পরিচয় দিয়ে লিটন নামের একজন নিয়মিত হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ নভেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শালিশদারদের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে রায় দেওয়া হয়, যা উভয় পক্ষ মেনে নেয়। তবে পরবর্তীতে আবুল হাশেম পক্ষ সেই রায় মানতে অস্বীকৃতি জানায়। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার নথি অনুযায়ী, আবুল হাশেম একক মালিকানা দাবি করে মামলা (নং-৫১/১৯) করেন। অপরদিকে আবুল কাশেম পরিবারের যৌথ মালিকানা দাবি করে মামলা (নং-৬৮/২১) দায়ের করেন। স্থানীয় সালিশদাররা জানিয়েছেন, আদালতের রায় শেষে পুনরায় বণ্টনের মাধ্যমে সমাধান সম্ভব।
এদিকে অভিযোগের বিষয়ে আবুল হাশেম বলেন, পুলিশ তদন্ত করেছে এবং বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নুরুন নবী জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।
