রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

ববি ছাত্রদলে কমিটি ঘিরে তোলপাড়, ছাত্রলীগ অনুপ্রবেশের অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:৪০ পিএম

প্রতীকী ছবি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদলের নবগঠিত ১২৭ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই তীব্র বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে ছাত্রলীগের অন্তত ২০ জন নেতাকর্মীর ‘অনুপ্রবেশ’ ঘটেছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন একাংশ নেতাকর্মী। একই সঙ্গে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

গত শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে কাউন্সিলের মাধ্যমে সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান নির্বাচিত হন। ওই কাউন্সিলে মোট ২৩৯ জন ভোটার অংশ নেন।

কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের ভেতরে অসন্তোষ চরমে পৌঁছায়। অভিযোগ ওঠে, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত ব্যক্তিদের রাখা হয়েছে। পাশাপাশি একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত, ব্যাচভিত্তিক ভারসাম্য না রাখা এবং সক্রিয় কর্মীদের বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন নেতাকর্মীরা।

এ ছাড়া চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকেও গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে যাদের নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে সহসভাপতি মিয়া বাবুল, মো. মিঠু, তৌসিফ আলম খান ও সোহেল রানা রয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইত্তেসাফ আর রাফি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বিল্লাল, আরমান হোসেন, মহিউদ্দিন হক ও জিহাদ খলিফা রয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রিতম দাস, বর্ণ বরন সরকার, শাহ তাকবীর আহমেদ সিয়াম ও মেহেদী হাসান রয়েছেন।

এছাড়া দপ্তর সম্পাদক রিফাত আহমেদ পিয়াস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং নারীর ক্ষমতায়ন ও ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মহিমা জাহান মুনসহ আরও অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন সাধারণ কর্মীরা।

বিষয়টি নিয়ে ববি শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি মোশাররফ হোসেন বলেন, "আমরা কেন্দ্রকে যে সুপারিশকৃত তালিকা পাঠিয়েছিলাম, তার সঙ্গে ঘোষিত কমিটির ৯০ শতাংশ মিল নেই। এটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত টিমের কাজ। আমাদের দেওয়া তালিকার অবমূল্যায়ন করে তারা নিজেদের ইচ্ছামতো কমিটি দিয়েছে। আমাদের সঙ্গে আলোচনার অনুরোধ করা হলেও তারা তাতে কর্ণপাত করেননি।"

তিনি আরও জানান, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ব্যবস্থা না নিলে নিজেদের উদ্যোগেও পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!