প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৯:২৩ পিএম
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামে পাঠদান। নতুন এই শিক্ষা পদ্ধতির আওতায় রবিবার (৩ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে একযোগে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এ উদ্যোগকে “ঐতিহাসিক দিন” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নতুন কারিকুলামের সফল বাস্তবায়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা অপরিহার্য এবং এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, "আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকে একযোগে সব বিভাগে ওবিই কারিকুলামে সেমিস্টার পদ্ধতিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে।"
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা এ বিভাগে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো। এ বিভাগের গৌরবময় ইতিহাস রচিত হয়েছে, সামনে তোমাদের হাত আরও রচিত হবে। এ অর্জনের পিছনে রয়েছেন এ বিভাগের সম্মানিত শিক্ষকরা। এখন সময় তোমাদের নিজেকে প্রমাণ করার। নিজের ভিতরের প্রতিভা জাগিয়ে তোলো, নিজের দক্ষতা কাজে লাগাও, দেখবে তুমি সফল হবেই।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। তিনি শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব নিয়ে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা। এছাড়া বিভাগের সাবেক সভাপতিবৃন্দ, শিক্ষক, বর্তমান ও নবীন শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন কারিকুলাম, বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স এবং ওবিই পদ্ধতি সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি নির্মাণে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে প্রতি বছর হাজারো শিক্ষার্থী ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে।
