আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:০১ পিএম
শনিবার ০২, মে ২০২৬ -- : -- --
এডিসি রিয়াজ হোসেনের অপসারণ দাবিতে অবস্থানরত শিক্ষার্থী। ছবি : ক্যাম্পাস রিপোর্ট
জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল মেট্রোজোনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) রিয়াজ হোসেন (পিপিএম)-এর অপসারণ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্মকর্তা দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “একজন অভিযুক্ত কর্মকর্তার এভাবে দায়িত্বে বহাল থাকা ন্যায়বিচারের পরিপন্থী। আমরা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি এবং নিরপেক্ষ বিচার দাবি করছি।”
বক্তারা আরও বলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
কর্মসূচি থেকে শিক্ষার্থীরা অভিযুক্তদের অবিলম্বে অপসারণ, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।