তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:৪৬ পিএম
শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --
সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। ছবি : ক্যাম্পাস রিপোর্ট।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত সিডনি বিশ্ববিদ্যালয়ের সিডনি মেডিকেল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সিডনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে ই-মেইলের মাধ্যমে অভিনন্দন জানিয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ গভর্নমেন্ট আরটিপি’ স্কলারশিপের আওতায় ‘মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য’ বিষয়ে উচ্চতর গবেষণা সম্পন্ন করে তিনি এ ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেন।
পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফেলোশিপের অধীনে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি থেকে বিশেষ কৃতিত্বের সঙ্গে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন তিনি।
একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও তার অবস্থান সুদৃঢ়। জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, অভিবাসন ও শরণার্থী সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক জার্নালে তার ২০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাশাপাশি সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও কোর্স সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন তিনি।
সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি আমার এই গবেষণা সম্পন্ন করতে পেরেছি। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে জনস্বাস্থ্য ও মানবিক সংকট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত সম্মানের।”
তিনি আরও জানান, শরণার্থী ও জনস্বাস্থ্য বিষয়ে তার গবেষণা ভবিষ্যতে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাওয়াই তার লক্ষ্য।