শুক্রবার ০১, মে ২০২৬

শুক্রবার ০১, মে ২০২৬ -- : -- --

মানবাধিকার অলিম্পিয়াডে অংশগ্রহণ করল ১২০০ শিক্ষার্থী

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০২:২৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

​ঢাকা,চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার সুরক্ষার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (ঐজঝঝ) আয়োজন করেছে ‘২য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড–২০২৬’। শুক্রবার (১ মে) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫টি কেন্দ্রে একযোগে প্রায় ১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এই অলিম্পিয়াডের লিখিত পরীক্ষা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ১০টায় একযোগে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে প্রতিটি কেন্দ্র থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার ড. মো. শরীফুল ইসলাম।

আয়োজন প্রসঙ্গে এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, "মানবাধিকার বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা সময়ের দাবি। এই অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জনই নয়, বরং ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অনুপ্রেরণা পাবে বলে আমরা বিশ্বাস করি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম বলেন, "মানবাধিকার বিষয়ে তরুণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি জ্ঞানভিত্তিক ও সচেতন প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের পাশাপাশি ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উল্লেখ্য যে, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (ঐজঝঝ) নিয়মিতভাবে তরুণদের মানবাধিকার বিষয়ে দক্ষ ও সচেতন করতে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই সফল আয়োজনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষার আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হলো।

Link copied!