শনিবার ০২, মে ২০২৬

শনিবার ০২, মে ২০২৬ -- : -- --

রাঙামাটিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০২ মে ২০২৬, ০২:০২ পিএম

১১ দলীয় ঐক্য রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ১১ দলীয় ঐক্য রাঙামাটি পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বনরুপা ইসলামিক সেন্টার থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা এলাকা হয়ে বনরুপা সিএনজি স্টেশনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মনছুরুল হক। এতে আরও উপস্থিত ছিলেন পৌরসভার আমীর অ্যাডভোকেট মাইনুদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, রাঙামাটি ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জেলা সভাপতি কমল বিকাশ দেওয়ান, এনসিপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম বলেন:দেশের মানুষ আজ জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক চাপে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন,আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করতে চাই। কিন্তু দাবি উপেক্ষা করা হলে রাজপথের আন্দোলন আরও জোরদার হবে।

এলডিপি জেলা সভাপতি কমল বিকাশ দেওয়ান তার বক্তব্যে বলেন,আজ দেশের মানুষ বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়ছে প্রতিটি খাতে। জনগণের এই কষ্ট লাঘবে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন,এই গণমিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি সাধারণ মানুষের বাঁচার দাবির আন্দোলন। জনগণের স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তিকে একসাথে কাজ করতে হবে।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

Link copied!