প্রকাশিত: ০২ মে ২০২৬, ০৪:১২ পিএম
কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
জানা যায়, সকাল ১১টায় শহরের পুরান থানাস্থ শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে বড়বাজারে গিয়ে সমাপ্ত হয়।
মিছিলের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
