প্রকাশিত: ০২ মে ২০২৬, ০১:৫২ পিএম
নোয়াখালীর ছয়ানী ইউনিয়নে ২০২৫ শিক্ষাবর্ষে মেধাতালিকায় প্রথম থেকে নবম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২ মে) ছয়ানী ইমামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ছয়ানী ইউনিয়ন শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি হাম্মাদুর রাহমান সিয়াম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার সেক্রেটারি মোহাম্মদ বোরহান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সঠিক দিকনির্দেশনা, সময় ব্যবস্থাপনার গুরুত্ব, নৈতিকতার চর্চা এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ছয়ানী উচ্চ বিদ্যালয়, ছয়ানী আইডিয়াল স্কুল, ছয়ানী মডেল স্কুল, ছয়ানী ইমামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা এবং দারুসসালাম মডেল মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
