প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৯:৪৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে পৌর শহরের উপজেলা স্টীল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১১টায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্টীল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সভাপতি মো. ইসাহাক আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে তিনি মে দিবসের তাৎপর্য তুলে ধরে সকল শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল ইসলাম বাহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল হাসান এবং বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্টীল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস। এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি আব্দুল জলিল, সহ-সাধারণ সম্পাদক আফাদুল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতারা।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
