শনিবার ০২, মে ২০২৬

শনিবার ০২, মে ২০২৬ -- : -- --

রাঙামাটিতে শিশুধর্ষণ: ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৯:২৮ পিএম

ফাইল ফটো।

রাঙামাটিতে ৭ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক কিশোরকে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত এ অভিযানে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সদর এলাকার মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ১৩ বছর বয়সী আব্দুর রহমান মুন্না তার চাচাতো বোনকে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর গুরুতর অবস্থায় শিশুটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পরপরই বাংলাদেশ পুলিশ-এর রাঙামাটি পার্বত্য জেলা ইউনিট দ্রুত অভিযান শুরু করে। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের তত্ত্বাবধানে একাধিক টিম মাঠে নামে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে শহরের পুরাতন বস্তি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ওসি জসীম উদ্দীন জানান, ঘটনার পরপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয় এবং দ্রুত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, দ্রুত অভিযুক্ত গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পুলিশ।

Link copied!