বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬ -- : -- --

ব্র্যাকে স্যার ফজলে হাসান আবেদের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্বখ্যাত সমাজসেবক ও ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল ২০২৬) রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ বিশেষ দিনটি পালন করা হয়।

‘আবেদের দৃষ্টিভঙ্গি, জীবন ও উত্তরাধিকার উদযাপন’ শীর্ষক এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ লোগো উন্মোচন করা হয়। উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এ লোগো উন্মোচন করেন এবং জানান, বছরজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অর্জন উদযাপন করা হবে।

দিনব্যাপী কর্মসূচির শুরুতেই আয়োজন করা হয় একটি আলোকচিত্র প্রদর্শনী। এতে স্যার ফজলে হাসান আবেদের জীবন, কর্ম ও মানবকল্যাণে তাঁর অসামান্য অবদান তুলে ধরা হয়। প্রদর্শনীটি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অনুপ্রাণিত করে।

এছাড়া ‘স্যার ফজলে হাসান আবেদ ওপেন রেটেড দাবা টুর্নামেন্ট ২০২৬’ আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা অংশ নেন। তরুণদের মেধা বিকাশে তাঁর অবদান স্মরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনের আরেকটি আকর্ষণ ছিল ‘জীবনের জয়গান’ শীর্ষক প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আবেদের ভাবনা তুলে ধরা হয়।

বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে স্যার আবেদের আদর্শ তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, “আমরা বছরজুড়ে নানা আয়োজনের মাধ্যমে আমাদের অর্জন উদযাপন করব এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করব।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Link copied!