তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পিএম
বুধবার ২৯, এপ্রিল ২০২৬ -- : -- --
উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন লক্ষ্যে “Effective Communication and Administrative Services” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকালে একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও উৎকর্ষ বজায় রাখার জন্য কার্যকর যোগাযোগ অপরিহার্য। কর্মকর্তাদের দক্ষতা যত বাড়বে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সেবা তত বেশি সহজ ও জনবান্ধব হবে।
উপাচার্য আরও বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে নিজেদের গড়ে তুলতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কর্মকর্তাদের অর্জিত জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করার আহ্বান জানান।
আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক মোঃ বদরুল আহসান। তিনি কার্যকর যোগাযোগ কৌশল এবং আধুনিক প্রশাসনিক সেবার বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক তুলে ধরেন।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিতকরণে নতুন গতি সঞ্চারিত হবে।