গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ এএম
বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
গণস্বাস্থ্য কেন্দ্রের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে স্বাধীনতা পদক ২০২৬-এর মোড়ক উন্মোচন করা হয়।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সাভারস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পদক ২০২৬-এর মোড়ক উন্মোচন করেন অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বপ্ন দেখেছেন ও দিকনির্দেশনা দিয়েছেন, তবে প্রকৃত অর্থে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন এর সাধারণ কর্মীরা।
তিনি বলেন, সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পদক প্রাপ্তি প্রতিষ্ঠানটির চিন্তা, দর্শন ও কার্যক্রমের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি। এ অর্জন সকল কর্মীর শ্রম ও ত্যাগের ফল, তাই প্রত্যেক কর্মী এ প্রাপ্তির দাবিদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম সফিকুজ্জামান, প্রতিষ্ঠাকালীন কর্মী গীতা কর ও বিউটি রানী। এ সময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়সহ গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণস্বাস্থ্য কেন্দ্র ও এর অঙ্গসংগঠনের কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি র্যালি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ঘুরে পিএইচএ ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করে।