প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩২ এএম
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-তে অনুষ্ঠিত হয়েছে ‘ফুড ফেস্টিভ্যাল ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’।
বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয় সকাল ৯টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, প্রফেসর ড. শিরীন আক্তার, প্রফেসর ড. মো: ফয়সাল, প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন এবং প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
শোভাযাত্রা শেষে উপাচার্য ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। উৎসবে মোট ১২টি স্টল অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের পিঠা ও নানা রকম মুখরোচক খাবার স্থান পায়।
দিনব্যাপী এ আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল সন্ধ্যায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
এছাড়াও অনুষ্ঠানে ফ্ল্যাশমব, ইন্টার-ফ্যাকাল্টি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণীসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও পারস্পরিক বন্ধন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
