প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
রাজধানীর শাহবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বিপরীত পাশে ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. আলমগীর (২৭) বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করতেন।
রবিবার দুপুরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হক।
যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছে জানিয়ে তিনি বলেন,‘ওই যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। আশপাশে লোকের মুখে জানতে পেরেছি তিনি ভবঘুরে প্রকৃতির ও নেশাগ্রস্ত ছিলেন। আমাদের ধারণা অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা যাবে।’
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি ঘিরে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
