মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

গবিতে ভেটেরিনারি ইন্টার্নদের মাঝে সার্জিক্যাল কিট বিতরণ

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

গণ বিশ্ববিদ্যালয় (গবি)-এর ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১১তম ব্যাচের ইন্টার্ন ডাক্তারদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ ও ভেটেরিনারি ঔষধ বিষয়ক পরিচিতিমূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি সভাকক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের অধিকর্তা ও ডিনস কমিটির প্রধান অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Square Pharmaceuticals-এর ব্যবস্থাপক (সেলস) মিজানুর রহমান। তিনি ইন্টার্ন শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, ভেটেরিনারি খাতে কর্মসংস্থানের সুযোগ দিন দিন বাড়ছে। একসময় স্কয়ার ফার্মাসিউটিক্যালে মাত্র একজন ভেটেরিনারি চিকিৎসক থাকলেও বর্তমানে এ সংখ্যা প্রায় ৫৬ জনে পৌঁছেছে। তিনি ভেটেরিনারিয়ানদের পেশাগত উন্নয়নে প্রতিষ্ঠানটির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

ইন্টার্ন শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইসা ফামিদা তুর্না বলেন, ভেটেরিনারি পেশা কেবল চাকরি নয়, এটি প্রাণী ও মানুষের স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি এই কিটবক্সকে দায়িত্ববোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম খান বলেন, দেশে ভেটেরিনারি ঔষধ খাতে বিনিয়োগ বাড়ার ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে প্রাণীর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার ভবিষ্যতে মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে—এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টার্ন ব্যাচের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক ড. মো. জামিনুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সনিয়া আক্তার নিশি, প্রভাষক ডা. তাসলিমা আক্তার, প্যারা ক্লিনিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোছা. নাছরিন বানুসহ অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালের পক্ষ থেকে ভেটেরিনারি ঔষধ ও পণ্যের ব্যবহার, কার্যকারিতা ও গুরুত্ব বিষয়ে একটি তথ্যবহুল সেশন আয়োজন করা হয়। শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সৌজন্য উপহার বিতরণ করা হয়।

Link copied!