সানজানা শওকত,বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম
শুক্রবার ২৪, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সেন্ট্রো'র পরিবেশনায় আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বুটেক্স ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এই ফেয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে তাদের সহযোগিতা করেছে ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)। এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল সেন্ট্রো টেক্স লিমিটেড। এছাড়া প্লাটিনাম স্পন্সর হিসেবে সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেড, ফ্যাশন পাওয়ার গ্রুপ; গ্লোড স্পন্সর হিসেবে আমান গ্রুপ; সিলভার স্পন্সর হিসেবে ব্যাবিলন গ্রুপ ও এমএম নিট ওয়্যার লিমিটেড ছিলো।
দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলার প্রধান উদ্দেশ্য ছিল—শিক্ষার্থী এবং শিল্প খাতের প্রতিনিধিদের মধ্যে সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।
বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন আনুষ্ঠানিকভাবে জব ফেয়ারের উদ্বোধন করেন। এরপরই চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। তাঁরা হাতে নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ঘুরে করপোরেট প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে এবং চাকরি ও ইন্টার্নশিপের নানা সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
প্রায় ২৭টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় ফেয়ারে। এর মধ্যে ছিলো সেন্ট্রো টেক্স, সুইস ক্রোমা, ব্যাবিলন গ্রুপ, হা-মিম গ্রুপ, অকো-টেক্স গ্রুপ, ঊর্মি গ্রুপ, পূর্বানী গ্রুপ, এপিলিয়ন, একেএইচ গ্রুপ, প্যাসিফিক জিন্স, চরকা টেক্সটাইলস লিমিটেড, বিটপী গ্রুপ, সামিট ডাই কেমিক্যালস লিমিটেড, ফ্লোরেন্স গ্রুপ, ইউনিক কালার কেমিক্যালস, বেন-টেক কেমিক্যালস ইত্যাদি। অন-স্পট ইন্টারভিউও নেয় কয়েকটি প্রতিষ্ঠান।
বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন যাতে অংশ নেয় টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা এবং সিইও তারেক আমিন, সুইস ক্রোমা বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহেদ সিকদার, ফ্যাশন পাওয়ার গ্রুপের মার্চেন্ডাইজিং বিভাগের এজিএম মো. নূর হোসাইন, ব্যাবিলন গ্রুপের অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মাহমুদুল হাসান ভূঁইয়া এবং সেন্ট্রো'র মার্চেন্ডাইজিং বিভাগের জেনারেল ম্যানেজার মো. জাফর ইকবাল। প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয় ছিলো "ভূ-রাজনীতি কীভাবে বস্ত্র শিল্পকে বদলে দিচ্ছে এবং নতুন স্নাতকদের জন্য নতুন পদক্ষেপ।"
এরপর দুপুরে ওয়ার্কশপ সেশন হয়, যেখানে বক্তব্য রাখেন সেন্ট্রো'র এজিএম জাইদুর রহমান। তিনি সেন্ট্রো গ্রুপ নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা দেন। দিনব্যাপী কর্মশালা ও আলোচনা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইটিইটি'র অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার, সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন এবং রেডিক্যাল ডিজাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এ.কে.এম মহসিন আহমেদ।
সমাপনী বক্তব্যে আইটিইটি-র অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার বলেন, "গতবছরের আয়োজনের থেকে কোনো অংশেই কম হয়েছে বলে মনে করি না। আমরা শুরু থেকেই ক্যারিয়ার ক্লাবের সাথে যুক্ত ছিলাম। এই গরমে এত অল্প সময়ের মাঝে এত বড় আয়োজন সম্পন্ন করায় ক্যারিয়ার ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই।"
আইটিইটি'র অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, "সব ক্লাবের কিছু না কিছু ইভেন্ট থাকে, কিন্তু ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার ফেয়ার সরাসরি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের উপকারে আসবে। ফ্রেশ গ্র্যাজুয়েট এই ফেয়ারের মাধ্যমে প্রায় ২৭টি প্রতিষ্ঠান একদিনে রিচ করতে পারছে এটা বিশাল একটা সাফল্য।"
উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, "ক্যারিয়ার ফেয়ার প্রতিবছর যেন অনুষ্ঠিত হয় এবং পরের বছর আরও বড় পরিসরে যাতে আয়োজন করা হয় তার ব্যবস্থা করা হবে। বিভিন্ন গ্রুপের চেয়ারম্যানদের আমি বলবো যেন আমাদের শিক্ষার্থীদের ভালো বেতনে চাকরি দেন, যাতে তারা তাদের চাকরিতে বেশি শ্রম দিতে পারে এবং তাদের লক্ষ্য পূরণ করতে পারে।"
বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তানবীরুল ইসলাম জীয়ান বলেন, "ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা আমার কাছে স্বপ্নের মতো ছিল। বিশ্বের পরিস্থিতি বিবেচনা করে গ্রুপ এবং স্পনসর ম্যানেজ করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। প্রতিবছর যেন এমন মেগা ইভেন্ট আয়োজন করা হয় এটাই আমার লক্ষ্য।"
বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, "বুটেক্স ক্যারিয়ার ক্লাবের উদ্দেশ্য হলো বুটেক্সের শিক্ষার্থীদের নেতৃত্ব বৃদ্ধি করা যাতে তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে ভালো করতে পারে। এবারে জব ফেয়ারের পাশাপাশি সিভি রাইটিং, এইচআর পার্সপেক্টিভ এবং ক্যারিয়ার গাইডলাইনের উপরে সেশন রাখা হয়েছে।"