আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম
শুক্রবার ২৪, এপ্রিল ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
পদোন্নতির দাবিতে চলমান ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয়-এ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো দৃশ্যমান সমাধান ছাড়াই শেষ হয়েছে।গত মঙ্গলবার থেকে শুরু হওয়া কর্মবিরতি এবং বুধবার ও বৃহস্পতিবারের শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষাও স্থগিত রয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা চলমান সংকট দ্রুত নিরসনের উপায় নিয়ে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত পরীক্ষাগুলো চালু রাখার জোর দাবি জানানো হলেও শিক্ষকরা তাদের অবস্থানে অনড় থাকেন। তবে আলোচনা শেষে শিক্ষকরা নিজেদের মধ্যে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছেন।
শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চাইলে খুব সহজেই এই সংকট নিরসন করা সম্ভব। তারা জানান, উপাচার্য যদি দ্রুত পদোন্নতির বিষয়ে স্পষ্ট অঙ্গীকার দেন, তবে আগামী রবিবার থেকেই তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন।
আলোচনা সভায় সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল।গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিউল আলম বলেন,“আমরা শিক্ষার্থীদের সাথে ক্লাসে ফিরতে চাই। তবে আমাদের ন্যায়সংগত দাবি মানতে হবে। শাটডাউনের কারণে কাজ জমে যাচ্ছে, যা ভবিষ্যতে চাপ তৈরি করবে।”
সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে ফাইনাল পরীক্ষার অনিশ্চয়তা নিয়ে।