বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

ইউআইটিএস-এ আইটিইই প্রশিক্ষণের সমাপনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পিএম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর আইটিইই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ এপ্রিল ২০২৬) বুধবার বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ইউআইটিএস-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইটি দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এই প্রশিক্ষণ শেষে সিএসই বিভাগের ২৫ জন শিক্ষার্থী আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন।

জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ)-এর অধীনে পরিচালিত ‘ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই), লেভেল-২: এফই’ পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করাই ছিল এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আন্তর্জাতিক সনদ আইসিটি খাতে কর্মসংস্থান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। এছাড়াও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা প্রশিক্ষিত বিশেষজ্ঞ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শামীম এইচ রিপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে আইটি খাতে দক্ষতা ও আন্তর্জাতিক সনদ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং বিসিসি-কে এ ধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত মোট ৬০ ঘণ্টার ৩০টি সেশনে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রশিক্ষণ শেষে একটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয় এবং শীর্ষ তিন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আইডি কার্ড ও উপহার সামগ্রী দেওয়া হয়।

ইউআইটিএস কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ গ্র্যাজুয়েট তৈরি এবং দেশের আইসিটি খাতকে শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!