বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ২৩, এপ্রিল ২০২৬ -- : -- --

সিমাগো র‌্যাংকিঙে শীর্ষ অবস্থানে ডুয়েট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিশনস্ র‌্যাংকিং প্রকাশিত ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে গবেষণা ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর।

দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ডুয়েট এবার শীর্ষস্থান দখল করেছে এবং সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সামগ্রিকভাবে ১১তম অবস্থান অর্জন করেছে।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এই অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি শুধু একটি অবস্থান নয়, বরং দীর্ঘদিনের একাডেমিক সাধনা, গবেষণায় নিবেদন এবং উদ্ভাবনী প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আরও জানান, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি সুসংগঠিত রোডম্যাপ নিয়ে কাজ করছে, যেখানে গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রকাশনা বৃদ্ধি এবং একাডেমিয়া-শিল্প সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উপাচার্য বলেন, ডুয়েটের লক্ষ্য শুধু র‌্যাংকিংয়ে এগিয়ে যাওয়া নয়, বরং জ্ঞানচর্চা ও উদ্ভাবনের একটি টেকসই সংস্কৃতি গড়ে তোলা। এ লক্ষ্যে মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বাড়ানো, গবেষণার সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং মেধাবী শিক্ষক-শিক্ষার্থী আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬ সালের এই র‌্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ থেকে মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব-এই তিনটি সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

Link copied!