শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

ডুয়েট দ্বিতীয় ক্যাম্পাসে বিদ্যুৎ সংকটে পরীক্ষার সময় ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

ডুয়েটের দ্বিতীয় ক্যাম্পাস। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় ক্যাম্পাসে তীব্র বিদ্যুৎ সংকটের কারণে পরীক্ষার সময় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। প্রথম ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলেও দ্বিতীয় ক্যাম্পাসে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং ঘন ঘন বিভ্রাটে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ বার বিদ্যুৎ চলে যায়। এতে মোট মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন পরিস্থিতি তাদের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

হল প্রশাসনের ভূমিকা নিয়েও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। তারা জানান, রাত ১২টার পর জেনারেটর বন্ধ করে দেওয়া হয়। ফলে গভীর রাতে পড়াশোনার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। অথচ এই সময়টিকেই শিক্ষার্থীরা পড়াশোনার জন্য সবচেয়ে উপযোগী হিসেবে বিবেচনা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান এবং পৃথক লাইন চালুর আশ্বাস দেন। পাশাপাশি দ্বিতীয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। তবে শিক্ষার্থীদের অভিযোগ, এসব আশ্বাস এখনো বাস্তবায়নের মুখ দেখেনি এবং দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

দ্বিতীয় ক্যাম্পাসে বসবাসরত তিন শতাধিক শিক্ষার্থী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান। তারা দাবী করেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তাদের শিক্ষাজীবনে মারাত্মক প্রভাব পড়বে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Link copied!