প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আল-আমীন, ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার এবং ড. মো. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দীর্ঘ সময় পর একটি উন্মুক্ত পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। তিনি “বাংলাদেশী জাতীয়তাবাদ”-কে একটি মুক্তির দর্শন হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে এই আদর্শ পৌঁছে দেওয়া জরুরি এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথিদের বক্তব্যেও শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া সময়ের দাবি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ চবির সভাপতি ড. মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে শহীদ রাষ্ট্রপতির আদর্শ তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষক ও ছাত্রনেতারা। কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ, বই ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
