বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ৩০, এপ্রিল ২০২৬ -- : -- --

তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

সোহাগী জাহান তনু

কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হাফিজুর রহমানকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তদন্তের স্বার্থেই এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম সন্দেহভাজন হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেফতার করেন। মামলার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৬ এপ্রিল তিনজন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ এবং তা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়।

ডিএনএ পরীক্ষার জন্য নির্ধারিত তিন সন্দেহভাজন হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার ফলাফল মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আদালত সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মামলাটিতে মোট ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত এক দশকে চারটি ভিন্ন সংস্থার সাতজন কর্মকর্তা এই মামলার তদন্তের দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলাটি জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে আসছে। সর্বশেষ এই অগ্রগতির মাধ্যমে মামলাটির তদন্তে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Link copied!