প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাজধানী ও আশপাশের একাধিক পরীক্ষা কেন্দ্র তিনি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয়, আমিনবাজারের মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকার পাইকপাড়ার মডেল একাডেমি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রগুলোতে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, "আজ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দময় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষার্থীদের যেন কোন ধরনের ভোগান্তি না হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো সকাল সাড়ে আটটার মধ্যে খোলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে কেন্দ্রগুলোতে সিসি টিভির ব্যবস্থা করা হয়েছে।" মন্ত্রী এ সময় শিক্ষার্থীদের নির্ভয়ে ও আনন্দের সাথে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। এছাড়া অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অযথা ভীড় না করার অনুরোধ করেন।
তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
