প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম
সালমান মির্জা, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩৫০ লিটার তেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার আখন বাজার সংলগ্ন একটি দোকান ও বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার।
অভিযান চলাকালে জসিম (৪৫) নামের এক ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান ও বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে তেল মজুত রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত তেল সাধারণ ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।
