শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত উপকূল: সমাধান খুঁজতে খুবিতে সম্মেলন

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

খুলনা বিশ্ববিদ্যালয়-এর সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে ‘সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স ইন দ্য কোস্টাল জোন অব বাংলাদেশ আন্ডার এ চেইঞ্জিং ক্লাইমেট’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতার মুখোমুখি এবং উপকূলীয় অঞ্চল ‘রিয়েল ক্লাইমেট ভিকটিম’ হিসেবে চিহ্নিত।

তিনি আরও বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি, মাটি ও পানির দূষণ টেকসই উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রামপাল, মোংলা, কয়রা ও সাতক্ষীরা অঞ্চলে এ সমস্যা প্রকট। এসব সংকট মোকাবেলায় কার্যকর ও প্রকৃতি-নির্ভর সমাধান খুঁজে বের করতে গবেষণার বিকল্প নেই।

প্রতিমন্ত্রী সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে বলেন, সুন্দরবন বর্তমানে বহুমুখী সংকটের মুখে রয়েছে। বাস্তুতন্ত্র রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

চিফ প্যাট্রন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষ লবণাক্ততা, পানির সংকট ও ভূমি অবক্ষয়ের মতো গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা সমাধানে গবেষণা ও সমাজসম্পৃক্ত কার্যক্রম জোরদার করা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার অনুপ্রবেশ এবং ঘূর্ণিঝড়ের তীব্রতা উপকূলীয় অঞ্চলের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ও দেশীয় জ্ঞানের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্মেলনে চীনের চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর প্রফেসর ড. শিনহুয়া পেং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানাশির ড. রিওটা কাতাওকা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম জহিরুদ্দিন অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

দুপুরের পর অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে দুই শতাধিক গবেষণা উপস্থাপন করা হয়। বাংলাদেশ, জাপান ও চীনসহ বিভিন্ন দেশের তিন শতাধিক গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলন শেষে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনে স্থাপিত দেশের প্রথম ‘সয়েল আর্কাইভ’ পরিদর্শন করেন এবং গবেষণার নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

Link copied!