শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কুমিল্লায় কৃষক কার্ড বিতরণ, সরাসরি সহায়তা নিশ্চিতের আশ্বাস কৃষিমন্ত্রীর

..

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পিএম

কুমিল্লায় কৃষক কার্ড বিতরণ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কৃষকদের জন্য সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, কৃষিখাতের টেকসই উন্নয়নে অতীতের কৃষিবান্ধব নীতিগুলোর ইতিবাচক প্রভাব এখনও বিদ্যমান।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সময় কৃষি ঋণমুক্তকরণ, সারের ভর্তুকি প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, যা দেশের কৃষি খাতকে শক্ত ভিত্তি দেয়। তিনি উল্লেখ করেন,
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই দর্শন থেকেই সেই সময়কার নীতিনির্ধারণ করা হয়েছিল।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ এবং তারেক রহমান-এর নেতৃত্বে বর্তমান সরকার কৃষিবান্ধব নীতিতে কাজ করে যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর কৃষকদের কল্যাণে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে কৃষি ঋণমুক্তকরণ জোরদার করা এবং ‘কৃষক কার্ড’ চালু অন্যতম। নির্বাচনী ইশতেহারের ৩১ দফা প্রতিশ্রুতির অংশ হিসেবেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ভর্তুকি ব্যবস্থার পরিধি বর্তমানে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কৃষকদের সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে বহু কৃষক পরিবার ইতোমধ্যে উপকৃত হয়েছে।

তিনি জানান, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। এ বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে। কৃষকদের স্বাবলম্বী করা গেলে দারিদ্র্য হ্রাসের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, যেখানে সারা বছরই বিভিন্ন ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতেও সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকরা সহজেই ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন আর্থিক সহায়তা পাচ্ছেন, যা তাদের উৎপাদন কার্যক্রমকে আরও গতিশীল করছে। ভবিষ্যতেও কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মন্ত্রী নির্বাচিত কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন এবং কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Link copied!