প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এম-ডুয়েট প্রকল্পের আওতায় বিজয়-২৪ হলের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ডুয়েটের ইতিহাসে সর্ববৃহৎ এম-ডুয়েট প্রকল্পের আওতায় গবেষণাগারের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একনেকে অনুমোদিত এ প্রকল্প একটি ‘স্মার্ট প্রজেক্ট’। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সরকারি বিধি-বিধান অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। চতুর্থ শিল্পবিপ্লবের ধারাবাহিকতায় পঞ্চম শিল্পবিপ্লবের উন্নত প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে ডুয়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, প্রকল্প বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তা সফলভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এম-ডুয়েট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রকৌশলী, ঠিকাদার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে একই প্রকল্পের আওতায় শিক্ষকদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে টাওয়ার বিল্ডিংয়ের সম্প্রসারণ কাজ এবং শিক্ষার্থীদের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন একটি সাইকেল শেড উদ্বোধন করা হয়। এসব উদ্যোগের ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
