শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

বাউবির এমএ ও এমএসএস ভর্তি পরীক্ষায় ৩ হাজার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ এবং এমএসএস প্রোগ্রামের (১ম পর্ব: ১ বছর মেয়াদি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসসহ দেশের ১১টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গাজীপুরস্থ মূল ক্যাম্পাস কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনের প্রশংসা করেন।

পরিদর্শনকালে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান এবং ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!