শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

প্রযুক্তির উৎকর্ষতা অর্জনের প্রত্যয়ে ডুয়েটে বাংলা বর্ষবরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নতুন বছরে প্রযুক্তির উৎকর্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপাচার্য সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতিসত্তার সাংস্কৃতিক ভিত্তি। অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনকে ধারণ করে পঞ্চম শিল্পবিপ্লব সংশ্লিষ্ট প্রযুক্তির উৎকর্ষতা অর্জনে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ডুয়েটে বাস্তবায়নাধীন এম-ডুয়েট প্রকল্পসহ গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরে আরও গতিশীল অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া। পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাসের সভাপতিত্বে এতে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় গ্রামীণ ঐতিহ্যভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া ডুয়েট স্কুলের শিক্ষার্থীরাও বাংলা নববর্ষ উদযাপনে অংশ নেয়।

Link copied!