প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি,বাংলাদেশ (ইউএফটিবি) এর স্থায়ী ক্যাম্পাস অবকাঠামো নির্মাণে দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের উন্নয়নে আমি সর্বদা সচেষ্ট থাকব। একটি আধুনিক ও মানসম্মত ক্যাম্পাস গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ৭টায় আলোচনা সভার মাধ্যমে। পরে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। চৈত্রসংক্রান্তির মাধ্যমে ১৪৩২ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, পহেলা বৈশাখ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। তিনি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি গাজীপুরের বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
