মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

সহজ সঞ্চয়ের নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পিএম

ফাইল ফটো

তরুণ প্রজন্মের মধ্যে অর্থ ব্যবস্থাপনায় একটি নতুন ধারণা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, যার নাম ‘সফট সেইভিংস’। এই পদ্ধতিতে কঠোরভাবে ব্যয় সংকোচন না করে আয়, সঞ্চয় এবং বর্তমান জীবন উপভোগের মধ্যে একটি বাস্তবসম্মত ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই ধারণা অনুযায়ী, আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করে বাকি অর্থ দৈনন্দিন প্রয়োজন, শখ এবং বিনোদনের জন্য ব্যয় করা হয়। বিশেষজ্ঞদের মতে, এটি তরুণদের মানসিক চাপ কমাতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম বলেন, “সফট সেইভিংস’ পদ্ধতি বিশেষ করে জেন-জি ও মিলেনিয়ালদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, কারণ তারা দেখছেন—কঠোর সঞ্চয় করেও ভবিষ্যৎ পুরোপুরি নিশ্চিত করা যায় না, বরং বর্তমান জীবনকে উপভোগ না করলে সবকিছুই অর্থহীন হয়ে যায়।”

তিনি আরও বলেন, “মনে রাখতে হবে, জীবন শুধু ভবিষ্যতের জন্য নয়— এটি বর্তমানেরও। সঠিক ভারসাম্য রেখে চললে আজও সুন্দর, কালও নিরাপদ”- বলেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই পদ্ধতিতে সাধারণত মাসিক আয়ের ২০ থেকে ৩০ শতাংশ সঞ্চয় করা হয় এবং বাকি অর্থ জীবনযাত্রার মান উন্নয়নে ব্যয় করা হয়।

এতে জরুরি তহবিল গঠন, ছোটখাটো শখ পূরণ এবং দৈনন্দিন খরচে চাপ কমানোর সুযোগ তৈরি হয়। ফলে তরুণদের মধ্যে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ আরও বাস্তবসম্মত ও নমনীয় হয়ে ওঠে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ‘সফট সেইভিংস’ মানে লাগামহীন ব্যয় নয়। বরং এটি সচেতন খরচ ও সঞ্চয়ের একটি ভারসাম্যপূর্ণ কৌশল। আয়-ব্যয়ের হিসাব না রাখলে এই পদ্ধতি আর্থিক ঝুঁকির কারণও হতে পারে।

অর্থনীতিবিদদের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি এবং চাকরির অনিশ্চয়তার কারণে তরুণরা এখন ভবিষ্যতের পাশাপাশি বর্তমান জীবনকেও সমান গুরুত্ব দিচ্ছে, যা এই প্রবণতার জনপ্রিয়তার অন্যতম কারণ।

Link copied!