মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬

মঙ্গলবার ২১, এপ্রিল ২০২৬ -- : -- --

প্রতিবন্ধীবান্ধব ক্যাম্পাস গঠনে জাবিতে ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ‘ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস)’-এর জাবি শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শারীরিক সক্ষমতা মানুষের চলাচলে সহায়তা করলেও প্রকৃত উন্নয়ন নির্ভর করে জ্ঞান, চিন্তা ও নৈতিকতার ওপর। তিনি বলেন, শারীরিকভাবে বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও উপলব্ধি অনেক সময় আরও গভীর হয়।

তিনি আরও বলেন, “একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকাশে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়।” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও প্রতিবন্ধীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে ক্যাম্পাসে বাধামুক্ত অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর নেতৃবৃন্দ, ডিআইএস ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর প্রতিনিধিসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্রেইল পদ্ধতিতে পবিত্র কুরআন পাঠের কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, স্মার্টফোন, সাদা ছড়ি এবং স্বেচ্ছাসেবকদের মাঝে উপহার বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!