প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ পিএম
আজ ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান মা দাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন।
জনসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ প্রধানমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানের সার্বিক সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
উপাচার্য তার বক্তব্যে প্রধানমন্ত্রীর ক্যাম্পাস সফর এবং মাওলানা ভাসানীর মাজার জিয়ারতের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (১৯৭৬) এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (১৯৯২)-এর এ ক্যাম্পাসে আগমনের বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে মাভাবিপ্রবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। SCImago Ranking-এ দেশের ৪৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান, Times Higher Education-এর Research Quality সূচকে বিশ্বে ৭৪৬তম এবং QS Asia Rankings-এর সাইটেশন সূচকে ১৩৭তম অবস্থান অর্জন করেছে; একই সূচকে দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে উপাচার্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় থাকা “শহীদ জিয়াউর রহমান হল” পুনর্নির্মাণ, ছাত্রীদের জন্য নতুন আধুনিক আবাসিক হল নির্মাণ, একটি আধুনিক অডিটোরিয়াম স্থাপন এবং কেন্দ্রীয় মসজিদের সংস্কার ও সম্প্রসারণ।
এছাড়াও তিনি মাওলানা ভাসানীর মাজার সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন, “ভাসানী রিসার্চ ইনস্টিটিউট” প্রতিষ্ঠা, পীর শাহজামান দীঘির সংস্কার, শহীদ মিনার পুনর্নির্মাণ এবং খেলার মাঠসমূহ আধুনিকায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন।
উপাচার্য আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও সহযোগিতায় এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মাভাবিপ্রবি শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে আরও এগিয়ে যাবে।
শেষে তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
