বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জান্নাতুন নাহার ঝিনু। ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. নৌশিন পারভীন ধন্যবাদ জ্ঞাপন করেন। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহিন আন্দালিব এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে নুরজাহান শোভা অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ‘কসমোপলিটান’ বিশ্ববিদ্যালয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পায়। তিনি শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্স উন্নত করার পাশাপাশি বিষয়ের গভীরে গিয়ে জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান জানান। কর্মক্ষেত্রে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান নয়, দক্ষতা ও পারদর্শিতাই বেশি গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নেই; পরিশ্রম, অধ্যবসায় ও নিজের প্রচেষ্টার মাধ্যমেই সফলতা অর্জন করতে হয়। শিক্ষার্থীদের হতাশা এড়িয়ে মূল্যবান সময় কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একাডেমিক ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াও অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে সহ-শিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ক্লাব ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। অনুষ্ঠান শেষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের মেধাক্রমে শীর্ষ ১১ জন শিক্ষার্থী এবং মাস্টার্সের পাঁচটি শাখায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী মোট ১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Link copied!