বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬

বৃহস্পতিবার ০২, এপ্রিল ২০২৬ -- : -- --

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। বুধবার (১ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ১৬ মার্চ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে অধ্যাপক নুরুল ইসলামকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই দিন তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ও ফ্লাড রিস্ক ম্যানেজমেন্ট রিসার্চ কনসোর্টিয়ামে পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি অস্ট্রিয়ার সালজবুর্গ বিশ্ববিদ্যালয়, ভারতের বোস ইনস্টিটিউট এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে যথাক্রমে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস), রিমোট সেন্সিং (আরএস) এবং পরিবেশ প্রভাব বিশ্লেষণ (ইআইএ) বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত। একই সঙ্গে অনারারি শিক্ষক হিসেবে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন। দেশি-বিদেশি জার্নালে তার প্রকাশিত গবেষণাধর্মী প্রবন্ধের সংখ্যা অর্ধশতাধিক।

Link copied!