প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন।
এর আগে, ঘটনার পরদিন ৩১ মার্চ প্রশাসনের পক্ষ থেকে ঘাতক চালককে গ্রেপ্তার, সংশ্লিষ্ট গাড়ি জব্দ এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে চিঠি দেওয়া হয়।
এদিকে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ চলাকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “মৌমিতার মৃত্যুর তিন দিন পার হলেও ঘাতক চালক ও গাড়ি শনাক্ত না হওয়া অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক।”
উপাচার্য জানান, ঘটনার পরপরই পুলিশ কমিশনারের সঙ্গে একাধিকবার কথা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে সিসিটিভি ফুটেজ অস্পষ্ট হওয়ায় এখনো চালককে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসকদের অবহিত করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবার মামলা না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই উদ্যোগ নিয়ে মামলা দায়ের করেছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
উল্লেখ্য, গত ৩০ মার্চ সন্ধ্যায় খুলনা জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন মৌমিতা হালদার। পরে তিনি মারা যান। তিনি আইন ডিসিপ্লিনের ২০২১ ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।
