প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের সভাপতি ও পরিচালকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপাচার্য দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গবেষণা সম্প্রসারণ এবং প্রশাসনিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় নবনিযুক্ত উপাচার্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউট হচ্ছে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিভাগ-ইনস্টিটিউটের অনেককিছু করণীয় রয়েছে। বিভাগকে নিজের মধ্যে ধারণা করবেন। গবেষণায় মনোযোগী হবেন এবং নতুন নতুন প্রজেক্ট পেতে নিরলস পরিশ্রম করে যাবেন। অফিসে কাজের প্রতি যত্নবান এবং সেবার মান বৃদ্ধি করতে হবে। উপাচার্য বলেন, অনেক শিক্ষক অনৈতিকভাবে ছুটিতে থাকেন, এটা চিরতরে বন্ধ করতে হবে। এছাড়া সেশনজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্লাসে মনোযোগী হতে। সময় মতো ক্লাস শেষ করা, পরীক্ষা শেষ করা এবং ফলাফল প্রদান করতে হবে। শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।”
সভাটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের সভাপতি ও পরিচালকবৃন্দ, দপ্তর প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
