বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

আকস্মিক ক্লাস পরিদর্শনে খুবি উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বুধবার (১ এপ্রিল) দুপুরে আকস্মিকভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের একটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

দুপুর আনুমানিক ১২টার দিকে এ পরিদর্শনকালে উপাচার্য সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের মনোযোগ ও পাঠ্যবিষয়ের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। হঠাৎ এ উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এই সময় থেকেই জীবনের লক্ষ্য ও কক্ষপথ নির্ধারণ করতে হয়। এজন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ জরুরি। এতে নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি মানসিক চাপ ও হতাশা কাটিয়ে ওঠা সম্ভব।"

তিনি আরও বলেন, "তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বকে দ্রুত পরিবর্তন করছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান শক্ত করতে হলে এআইসহ আধুনিক প্রযুক্তিতে পারদর্শী হতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে পর্যায়ক্রমে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।"

পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের বিভিন্ন সমস্যা উপাচার্যের কাছে তুলে ধরেন। তিনি বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং ধাপে ধাপে সমাধানের আশ্বাস প্রদান করেন।

Link copied!